জামাল উদ্দিন, বাজিতপুর : জমকালো আয়োজন আর বিপুল দর্শকের উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো ঐতিহ্যবাহী “মজিবুর রহমান মঞ্জু স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট”। আজ সোমবার বাজিতপুর উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের মজিবুর রহমান মঞ্জু স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের গৌরবময় ও বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল শক্তিশালী চেংগাহাটি একাদশ বনাম সাহাপুর এমপি বাড়ি একাদশ। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও স্নায়ুক্ষয়ী ম্যাচের নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। অবশেষে ভাগ্যনির্ধারণী টাইব্রেকারে চেংগাহাটি একাদশকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টের শ্রেষ্ঠত্বের মুকুট ও চ্যাম্পিয়ন ট্রফি নিজেদের ঘরে তুলে নিয়েছে সাহাপুর এমপি বাড়ি একাদশ।
সাহাপুর এমপি সাহেবের ইটকলা মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচটিকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।”খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণ-প্রতিআক্রমণের মধ্য দিয়ে মাঠ কাঁপিয়ে তোলে। ম্যাচের শুরুতেই গোল দেওয়ার সুবর্ণ সুযোগ এলেও ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে জালের দেখা পায়নি কোনো দলই। প্রথমবার সুযোগ হাতছাড়া হওয়ার পর নির্ধারিত সময়ের শেষ মুহূর্ত পর্যন্ত দুই দলই আপ্রাণ চেষ্টা চালিয়ে যায়। তবে রক্ষণভাগের দৃঢ়তায় নির্ধারিত সময় গোলশূন্যভাবেই শেষ হয়।
খেলা অমিমাংসিত থাকায় ম্যাচ গড়ায় উত্তেজনাকর টাইব্রেকারে। সেখানে টাইব্রেকারের স্নায়ুযুদ্ধে চমৎকার নৈপুণ্য দেখিয়ে ৩-১ গোলের ব্যবধানে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সাহাপুর এমপি বাড়ি একাদশ। ফাইনালের এই মহোৎসবকে জাঁকজমকপূর্ণ করতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব মুস্তাফিজুর রহমান মামুন-এর এবং টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন মোঃ রফিকুল ইসলাম রফিক।
তবে বিশেষ কারণে শেষ মুহূর্তে প্রধান অতিথি উপস্থিত থাকতে না পারায়, উদ্বোধক মোঃ রফিকুল ইসলাম রফিক প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থেকে রানার্সআপ এবং বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী শেষে মাঠজুড়ে বিজয়ী দলের সমর্থকদের উল্লাস ও আনন্দ মিছিল দেখা যায়।
টুর্নামেন্ট সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করে আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, “দর্শকদের জন্য পর্যাপ্ত বসার জায়গাসহ মাঠের যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছিল। সবার সহযোগিতায় অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও সফলভাবে ফাইনাল ম্যাচটি সম্পন্ন হয়েছে। বিজয়ী ও রানার্সআপ উভয় দলকেই আমাদের পক্ষ থেকে অভিনন্দন।”
নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে খেলা শেষ হওয়ায় আয়োজক কমিটি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

