নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সোমবার (১১ মে ২০২৬) নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রায়হান কবির।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ, নারায়ণগঞ্জ-এর প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বাংলাদেশ পুলিশ-এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়া সংশ্লিষ্ট অংশীজনরা।
অনুষ্ঠানে বিভিন্ন খেলায় বিজয়ী ও অংশগ্রহণকারী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বক্তারা তরুণ প্রজন্মকে খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের অংশগ্রহণকারীরা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সুনাম আরও বৃদ্ধি করবে।অনুষ্ঠানের শেষে বিজয়ী ও বিজিত সকল খেলোয়াড়কে অভিনন্দন জানিয়ে তাদের আগামী দিনের সফলতা কামনা করা হয়।

