মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:n“মেডিকেল রিপ্রেজেন্টেটিভগণ এদেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী”, এই শ্লোগানকে সামনে রেখে সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রশাসন কর্তৃক হেনস্তা এবং কিছু সাংবাদিকের ‘দালাল’ শব্দচয়নের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আয়োজন করে শাহজাদপুর উপজেলা মডেল ফারিয়া, শাহজাদপুর, সিরাজগঞ্জ।
উক্ত কর্মসূচিতে উপজেলা মডেল ফারিয়ার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা শাহরিয়ার ইমন, উপদেষ্টা সোহেল রানা, উপজেলা মডেল ফারিয়ার সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রশিক্ষিত ও পেশাদার শ্রেণি। তাদের প্রতি অবমাননাকর আচরণ ও শব্দচয়ন অনভিপ্রেত এবং তা বন্ধ হওয়া প্রয়োজন। তারা এ ধরনের ঘটনার নিন্দা জানান এবং ভবিষ্যতে পেশাগত মর্যাদা রক্ষায় প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

