বি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছোট দড়িকান্দি গ্রামে যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী হাবিবুর রহমান হিরন মোল্লা (৬৩)-এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ এপ্রিল গভীর রাতে আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বারান্দার গ্রিলের লোহা কেটে বাড়িতে প্রবেশ করে। ঘটনার সময় বাড়ির মালিক হিরন মোল্লা একাই বাসায় ছিলেন। ডাকাতরা তাকে ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে এবং বাড়ির বিভিন্ন কক্ষে থাকা আলমারি, সুকেসসহ যাবতীয় আসবাবপত্র তল্লাশি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুটে নেয়।
লুট হওয়া মালামালের মধ্যে রয়েছে—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ লাখ টাকা, প্রায় ৪ হাজার পাউন্ড (বিদেশি মুদ্রা), ২৫ ভরি স্বর্ণালংকার এবং ৪টি মোবাইল ফোন।
উল্লেখ্য বিগত ১ মাসে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মোট ৬টি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় এলাকাসহ পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, রাতের বেলায় নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় এ ধরনের ঘটনা বাড়ছে। তারা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদারের দাবি জানিয়েছেন।
এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে এলাকাবাসী দ্রুত ডাকাতদের গ্রেফতার ও এলাকায় নিরাপত্তা জোরদারের জোর দাবি জানিয়েছেন।

