মির্জা তুষার আহমেদ,নওগাঁ:নওগাঁয় ডাকাতির মাত্র ১৪ ঘণ্টার মাথায় রহস্য উদঘাটন। বাবা-ছেলেসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার হয়েছে লুণ্ঠিত টাকা ও মালামাল।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ৩১ মার্চ রাতে পোরশা থানার ফকিরের মোড় এলাকায় রশি টেনে পথচারীদের গতিরোধ করে একদল ডাকাত। দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে লুট করা হয় টাকা ও মোটরসাইকেল।
ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশে মাঠে নামে ডিবি পুলিশের একটি চৌকস দল। তথ্য প্রযুক্তির সহায়তায় মাত্র ১৪ ঘণ্টায় রহস্য উদঘাটন এবং টানা ২৪ ঘণ্টার অভিযানে বগুড়া, গাইবান্ধা ও নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৪ জনকে।
গ্রেফতারকৃতদের মধ্যে আবু তাহের ও তার ছেলে কামাল হোসেনও রয়েছে। পুলিশ বলছে, এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারেও অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধেই চুরি-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

