ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নে অবস্থিত এইচকেজি স্টিল মিলস লিমিটেডের কালো দূষিত ধোঁয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন এই কারখানার চিমনি থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় প্রতিদিনই দূষিত হচ্ছে আকাশ-বাতাস ও আশপাশের পরিবেশ।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কারখানাটি পরিবেশ বিধি উপেক্ষা করে অবাধে কালো ধোঁয়া ছাড়ছে। ফলে আশপাশের গাছপালা, ঘরবাড়ি এমনকি মানুষের পরিহিত কাপড় পর্যন্ত কালো ধুলা ও ধোঁয়ায় নষ্ট হয়ে যাচ্ছে। এলাকাজুড়ে বাতাসে ছড়িয়ে পড়া দূষণে শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের।
পিরোজপুর ইউনিয়নের বাসিন্দারা জানান, বারবার অভিযোগ করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, সংশ্লিষ্ট কিছু দপ্তরকে প্রভাবিত করেই কারখানাটি এভাবে দূষণ চালিয়ে যাচ্ছে। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি হলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
এলাকাবাসীর আরও অভিযোগ, কারখানার দূষণের কারণে অনেকেই শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি দিন দিন বাড়ছে বলে তারা জানান।
ক্ষুব্ধ এলাকাবাসী প্রশ্ন তুলেছেন—তাহলে কি এইচকেজি স্টিল মিলস আইনের ঊর্ধ্বে? তারা দ্রুত তদন্ত করে দূষণ বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয়দের দাবি, পরিবেশ রক্ষায় অবিলম্বে কারখানার নির্গমন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথেও যেতে বাধ্য হবেন তারা।

