কপিলমুনিতে সড়কের বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন
সাঈদ সম্রাট (সাতক্ষীরা তালা প্রতিনিধি) : খুলনার কপিলমুনিতে বেতগ্রাম-কয়রা আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন প্রকল্পের বাঁক সরলীকরণের দাবিতে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচার) শাখা। গত শুক্রবার সকালে ফকিরবাসা মোড় এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রকল্পের দ্রুত সম্পন্নকরণ এবং সকল জটিলতা দূর করার আহ্বান জানানো হয়।
স্থানীয়রা জানান, গত ৫ বছর ধরে প্রকল্পটি ব্যায়বরাদ্দ বৃদ্ধিসহ মেয়াদ বাড়ানো সত্ত্বেও শেষ করা যাচ্ছে না। বিশেষ করে কপিলমুনির ফকিরবাসা মোড় এলাকায় প্রায় ১১.৩৯০ শতক জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ সংক্রান্ত আইনী জটি-লতার কারণে বাঁক সরলীকরণের কাজ আটকে আছে।
নিসচার শাখার সভাপতি এইচএম শফিউল ইসলাম বলেন, সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত সময়ের মধ্যে বাঁক সরলীকরণের কাজ শেষ করতে হবে। কেউ ব্যক্তিস্বার্থে কাজ আটকে দিলে তার দায়ভার নিতে হবে।
প্রকল্পের আওতায় খুলনা ও সাতক্ষীরার ৬০ কিলোমিটার সড়ক দুই লেনে উন্নীত করা হচ্ছে। সড়কের ৩৪টি ঝুঁকিপূর্ণ বাঁক সরলীকরণের মধ্যে কেবল কপিলমুনির ফকিরবাসা মোড়েই প্রতিবন্ধকতার কারণে কাজ থমকে গেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজের ব্যবস্থাপক হুমায়ুন কবির খোকন জানান, সমগ্র প্রকল্পের মধ্যে মাত্র ২শ মিটার এই বাঁক সরলীকরণের জন্য বড় প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। মানববন্ধনে উপস্থিত বক্তারা দাবি করেন, সড়ক সরলীকরণের কাজ অচিরেই শুরু করতে হবে, না হলে প্রকল্পের কার্যক্রম মারাত্মকভাবে প্রভাবিত হবে এবং যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ চলবে।
প্রকল্পের অন্যান্য বাঁক সরলীকরণের কাজ যথাযথভাবে চলমান থাকলেও এই এক বাঁক নিয়ে ধীরগতি প্রকল্পের সম্পূর্ণ কার্যক্রমে বিলম্ব ঘটাচ্ছে। সওজের নির্বাহী প্রকৌশলী তানিমুল হক বলেন, সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করি অচিরেই বাঁক সরলীকরণের কাজ শুরু হবে।

