মোঃ মাহবুবুর রহমান সোহেল কালিয়াকৈর গাজীপুর : চিকিৎসার নামে দীর্ঘদিন ধরে প্রতারণার অভিযোগে গাজীপুরে এক ভুয়া ডাক্তারের কর্মকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। সাধারণ মানুষের জীবন ও স্বাস্থ্য নিয়ে এমন প্রতারণার ঘটনায় এলাকায় ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, গাজীপুর জেলা প্রশাসন এর উদ্যোগে গাজীপুর জেলার চা-বাগান এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবুবকর সিদ্দিক এর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মোঃ আবুল কালাম আজাদ (৪৩) নামের এক ব্যক্তিকে ভুয়া এমবিবিএস ডিগ্রি, ভুয়া ডিডিভি ডিগ্রি এবং অন্যের বিএমডিসি সনদ নম্বর ব্যবহার করে চিকিৎসা দেওয়ার অভিযোগে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা দিয়ে আসছিলেন। অনেক রোগী তার ভুয়া পরিচয়ের বিষয়ে না জেনে চিকিৎসা গ্রহণ করেন, যা তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়িয়েছে বলে অভিযোগ রয়েছে। তার চেম্বারে ব্যবহৃত সনদ ও কাগজপত্র যাচাই করে অসঙ্গতির প্রমাণ পাওয়া যায় বলে সংশ্লিষ্টরা জানান।
সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জাসেম ফারহান এর দায়ের করা প্রসিকিউশনের ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে এক (০১) বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনায় র্যাব-১ এর একটি দল এবং গাজীপুর সদর থানা পুলিশ এর সদস্যরা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্বাস্থ্যখাতে প্রতারণা রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
বিশেষজ্ঞদের মতে, চিকিৎসা সেবার মতো স্পর্শকাতর খাতে ভুয়া সনদ ব্যবহার করে প্রতারণা শুধু আইনগত অপরাধ নয়, এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ বিষয়ে কঠোর নজরদারি ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

