কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ জন গ্রেফতার
মোঃ মাহবুবুর রহমান সোহেল,কালিয়াকৈর, গাজীপুর: কালিয়াকৈর, গাজীপুর: গভীর রাতের নিস্তব্ধতা, ছুটে চলা যাত্রীবাহী বাস—আর ঠিক সেই মুহূর্তেই ভয়ংকর এক ডাকাতির পরিকল্পনা। তবে শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা। ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় Walton কারখানার সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী ‘নিউ পিংকি’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস গাবতলী থেকে ছেড়ে যায়। বাসটিতে যাত্রীদের লক্ষ্য করে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলামের নির্দেশে উপপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেনের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে থামার সংকেত দেয়। বাসটি সড়কের পাশে থামানো হলে শুরু হয় তল্লাশি অভিযান।
তল্লাশিকালে এক সন্দেহভাজনের ব্যাগ থেকে দেশীয় তৈরি ছয়টি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ সময় বাসে অবস্থানরত রাজু, শরীফুজ্জামান, আলম, জসিম (রাফি), মিলন ও সাইফুলকে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে তাদের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) রবিউল ইসলাম জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে।”
এই ঘটনায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং পুলিশের দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বড় ধরনের অপরাধ থেকে রক্ষা পাওয়া গেছে বলে স্থানীয়রা জানান।

