মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টার এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ী বাজার সংলগ্ন তেতুলতলী মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাংস বিক্রেতা এনতাজুল কসাই ও তার সহযোগী দুলু মৌলভী দীর্ঘদিন ধরে এলাকায় মাংস বিক্রি করে আসছিলেন। আজ সকালে এনতাজুলের বাড়িতে একটি কুকুর জবাই করার বিষয়টি প্রতিবেশীরা টের পেলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবস্থা বেগতিক দেখে অভিযুক্তরা প্রায় ২৫ কেজি জবাইকৃত মাংস ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংসগুলো জব্দ করে। পরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রতিনিধি নিশ্চিত করেন যে, উদ্ধারকৃত মাংসগুলো খাসির নয়, বরং কুকুরের।ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমান জানান, “পুলিশ মাংসগুলো উদ্ধার করেছে এবং অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

