মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর এটিম মাঠে ১১ দলীয় ঐক্যজোটের বিশাল নির্বাচনি জনসভা। বৃহস্পতিবার বেলা ১১টা থেকেই জনসভাস্থলে ভিড় করতে থাকেন হাজারো নেতাকর্মী। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
বক্তব্যের শুরুতেই তিনি দেশের পাচার হওয়া অর্থ নিয়ে নিজের শক্ত অবস্থানের কথা জানান। ডা. শফিকুর রহমান বলেন, “বাংলাদেশের লুণ্ঠিত অর্থ নিয়ে কাউকে আমরা বিদেশে শান্তিতে থাকতে দেবো না।” তিনি আরও যোগ করেন, মেগা প্রকল্পের নামে যারা মেগা দুর্নীতিতে জড়িয়েছে এবং জনগণের হক নষ্ট করেছে, তাদের প্রত্যেককে জবাবদিহিতার আওতায় আনা হবে।
দুর্নীতিবাজদের গলা থেকে লুটের টাকা বের করে আনার প্রতিশ্রুতি দেন তিনি।দেশের অর্থনৈতিক মুক্তির পাশাপাশি বেকারত্ব দূরীকরণেও বিশেষ গুরুত্ব দেন জামায়াত আমীর। তিনি বলেন, গণ-অভ্যুত্থানের রাজপথের যোদ্ধাদের মূল দাবিই ছিল কর্মসংস্থান। জামায়াতে ইসলামী যুবকদের কেবল বেকার ভাতা দিয়ে বসিয়ে না রেখে, তাদের হাতে সম্মানজনক কাজ তুলে দিতে চায়।
জেলা জামায়াতের সভাপতি আব্দুর রাকিবের সভাপতিত্বে এই জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি আ স ম সায়েম,জামায়াত নেতা ব্যারিস্টার শাহরিয়ার কবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস এস এম ফরহাদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা আগামী নির্বাচনে ঐক্যজোটকে বিজয়ী করার আহ্বান জানান।

