মো: সবুজ হোসেন রাজা, শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় তাঁত শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. এম এ মুহিতের রাজনৈতিক উপদেষ্টা মো. আল মামুন। এ সময় তিনি উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের উদ্দেশ্যে ডা. এম এ মুহিত এবং নিজের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা জানান।
এসময় মো. আল মামুন তাঁর বক্তব্যে বলেন, তিনি নিজেকে বড় বক্তা হিসেবে দাবি করেন না; তবে মানুষের কথা শুনতে এবং বুঝতে ভালোবাসেন। তিনি আরও বলেন, অন্যান্য নেতৃবৃন্দের বক্তব্য শোনার পর তাঁর নতুন করে বলার তেমন সুযোগ নেই।
এরপর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ডা. এম এ মুহিতের পক্ষে নির্বাচনী প্রচারণা ও জনগণের সহযোগিতা কামনা করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল ইসলাম রাজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম শাকিক চৌধুরী, স্বেচ্ছাসেবক দলেন নাদিম, শাহজাদপুর তাঁত শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক আল মাহমুদ, সহ-সভাপতি টিপু শেখসহ বিএনপি’র সহ-সংগঠনের নেতৃবৃন্দ এবং তাঁত শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
সভায় বক্তারা তাঁত শ্রমিকদের উন্নয়ন ও আসন্ন নির্বাচনে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

