জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি : আগামী শনিবার (২৪ জানুয়ারি) সিরাজগঞ্জ সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার আগমনকে ঘিরে জেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।
এ উপলক্ষে শনিবার দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা শহরের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ জাহিদুল ইসলাম।
তিনি জানান, জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জনসভা শেষে তিনি পাবনার উদ্দেশ্যে রওনা হওয়ার পথে উল্লাপাড়া এলাকায় একটি পথসভায় অংশ নিতে পারেন, তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহিনুর আলম।
জেলা জামায়াতের নেতারা জানিয়েছেন, জনসভা সফল করতে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।

