নওগাঁ প্রতিনিধি:নওগাঁর সীমান্ত এলাকায় পুকুর খননের সময় মাটির নিচে পাওয়া প্রায় ১৫ কোটি টাকার দুষ্প্রাপ্য কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শিমুলতলী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার নলপুকুর বুড়োল দিঘী নামক স্থানে পুকুর খননের কাজ চলাকালে শ্রমিকদের নজরে আসে পাথরের তৈরি একটি ভারী মূর্তি। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে বিজিবিকে জানানো হলে তারা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
শিমুলতলী বিওপি কমান্ডার সুবেদার মো. তহুরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল স্থানীয়দের সহযোগিতায় পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে। উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটির ওজন প্রায় ২৭ কেজির বেশি বলে জানা গেছে।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বিশেষ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে এটি অত্যন্ত উচ্চমানের কষ্টিপাথরের তৈরি। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে, উদ্ধারকৃত এই দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তিটির আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকারও বেশি।

