রাতভর অভিযানে ভোলা ও হাতিয়ায় ৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড
মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানেল ২১, ভোলা : বাংলাদেশ কোস্ট গার্ড ১৮ থেকে ১৯ ডিসেম্বর রাতভর ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে পাঁচজনকে আটক করেছে। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা সবাই বর্তমানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মী।
কোস্ট গার্ড বেইস ভোলা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর রাত ১০টা থেকে ১৯ ডিসেম্বর ভোর ২টা পর্যন্ত ভোলার সদর থানাধীন ভেদুরিয়া সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আব্দুর রহমান রুবেল (৩৫), মো. আলী হোসেন পাটোয়ারী (৪৫), মো. আব্দুল কুদ্দুস মাতব্বর (৪৭) এবং আব্দুল কুদ্দুস চুন্নু (৭৬)-কে আটক করা হয়। পরে তাঁদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, ১৯ ডিসেম্বর রাত ১টা থেকে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও পুলিশের যৌথ অভিযানে নোয়াখালীর হাতিয়া উপজেলার আঠারো বেকি এলাকায় আরও একজনকে আটক করা হয়। তাঁর নাম পলাশ আচার্য্য (৩৫)। তাঁকেও পরে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন সিয়াম-উল-হক বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
কোস্ট গার্ডের এই টানা অভিযানের ফলে ভোলা ও হাতিয়ার উপকূলীয় এলাকায় নিরাপত্তা আরও জোরদার হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

