মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর আওতাধীন বস্তাবর বিওপি’র একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সীমান্ত পিলার ২৬৩/৭-এস থেকে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া এলাকা থেকে ২০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক ব্যক্তি ধামইরহাট উপজেলার কৈগ্রাম গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিয়ে মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় মাদক পাচার, গরু চোরাচালান ও অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

