জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মুনসুর নগর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের একটি মিছিলে অর্থ জোগান দেওয়ার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ হেলাল উদ্দিন (৫০)। তিনি উপজেলার মুনসুর নগর ইউনিয়নের পূর্ব মাজনা বাডী গ্রামের বাসিন্দা। বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে জানা যায়, সম্প্রতি মুনসুর নগর এলাকায় অনুষ্ঠিত একটি নিষিদ্ধ সংগঠনের মিছিলে অর্থায়ন করেন মোঃ হেলাল উদ্দিন। এছাড়া তিনি মোহাম্মদ নাসিম স্মৃতি পরিষদ, বৃহত্তর মিরপুরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন বলেও স্থানীয়দের দাবি।
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, অভিযোগ প্রকাশ্যে আসার পর তিনি এলাকা ত্যাগ করে পার্শ্ববর্তী চরগিরিশ ইউনিয়নের ছালাল এলাকায় আত্মগোপনে চলে যান। পরে গোপন সংবাদের ভিত্তিতে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে কাজীপুর থানায় নিয়ে যান।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত হেলাল উদ্দিন বর্তমানে ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর একজন কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
এ বিষয়ে মোঃ হেলাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তিনি দাবি করেন, সামাজিক সহায়তা কার্যক্রমের বাইরে তার কোনো সম্পৃক্ততা নেই।
কাজীপুর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

