মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল শাহ চৌধুরীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের শীর্ষ নেতার বিরুদ্ধে মিথ্যা প্রচারণার অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।
শনিবার (১৫ নভেম্বর) নওগাঁ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রহমান রিপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার পদ স্থগিতসহ দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বহিষ্কৃত এই নেতা এখন থেকে কোনো দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত তার সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখতে।
বহিষ্কার বিষয়ে মোজাম্মেল শাহ চৌধুরী বলেন, জেলা বিএনপির নেতৃবৃন্দ তাঁর সঙ্গে আলোচনা না করেই এমন একটি ‘বহিষ্কার সংক্রান্ত বিজ্ঞপ্তি’ সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন—এটি তিনি ফেসবুকে দেখেন। তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের দমন-পীড়নের সময় দলকে আগলে রেখে যেভাবে সংগ্রাম করেছি, লড়াই চালিয়ে গেছি—হয়তো তারই প্রতিদান হিসেবে আজ শাস্তি পেলাম। তারপরও দলের প্রতি আমার শুভকামনা অটুট থাকবে।”

