আব্দুল্লাহ আল মামুন, ববি প্রতিনিধি:বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জীবনানন্দ দাশ হলে শনিবার, ৮ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হয়েছে জলবায়ু-সহনশীল জীবিকার পথে ‘Facilitating Livelihoods through Advancing Smart Habitats in Peri-Urban Bangladesh (FLASH)’—সংক্ষেপে ‘ফ্ল্যাশ’ প্রকল্পের প্রারম্ভিক সভা।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বুয়েট), নেদারল্যান্ডসের ইউট্রেখ্ট ইউনিভার্সিটি ও ওয়াগেনিনজেন ইউনিভার্সিটিসহ বিশ্বের ১৭টি স্বনামধন্য প্রতিষ্ঠানের গবেষকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক গবেষণা দল এই প্রকল্প পরিচালনা করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো বাংলাদেশের প্রান্তিক নগর (Peri-Urban) অঞ্চলের মানুষের জন্য জলবায়ু-সহনশীল ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করা।
প্রারম্ভিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। সভার সভাপতিত্ব করেন বুয়েটের প্রফেসর ড. শাহজাহান মণ্ডল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন FLASH প্রকল্প দলের সদস্যবৃন্দ—
প্রফেসর ড. শাহজাহান মণ্ডল (BUET, বাংলাদেশ)
ড. বিশ্বজিৎ মল্লিক (Utrecht University, নেদারল্যান্ডস)
প্রফেসর ড. হ্যান্স মিডেলকপ (Utrecht University, নেদারল্যান্ডস)
ড. মার্টি ভ্যান এর্ড (IHS-EUR, নেদারল্যান্ডস)
ড. কামনাশিস হালদার (Wageningen University & Research, নেদারল্যান্ডস)
ড. হেলেন মিস (Utrecht University, নেদারল্যান্ডস)
ড. এস. এম. লাবিব (Utrecht University, নেদারল্যান্ডস)
অনুষ্ঠানের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. অপূর্ব রায়।
ফ্ল্যাশ প্রকল্পটি প্রান্তিক শহরাঞ্চলের দ্রুত ও অপরিকল্পিত নগরায়ণ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং জীবিকার অনিশ্চয়তা মোকাবিলায় একটি সমন্বিত ও বৈজ্ঞানিক সমাধান প্রদানের লক্ষ্যে কাজ করবে। গবেষক দল আবাসন, স্বাস্থ্য, পানি ও পয়ঃনিষ্কাশন (WASH) এবং সুশাসন সম্পর্কিত চ্যালেঞ্জগুলোকে বিবেচনায় নিয়ে ‘Living Lab’ মডেলের মাধ্যমে টেকসই সমাধান উদ্ভাবনের পরিকল্পনা করছে।
বিশেষজ্ঞরা মনে করেন, বরিশাল ও খুলনা অঞ্চলের মানুষের জন্য এই গবেষণা বিশেষ তাৎপর্যপূর্ণ হবে। তারা আশা প্রকাশ করেন, স্থানীয় জ্ঞান ও আন্তর্জাতিক গবেষণার সমন্বয়ে গড়ে ওঠা এই প্রকল্প উপকূলীয় অঞ্চলে জলবায়ু অভিযোজনের একটি কার্যকর মডেল তৈরি করবে, যা বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

