নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে আবারও সফলতা পেয়েছে পত্নীতলা ব্যাটালিয়ান (১৪) বিজিবি। পৃথক তিনটি বিশেষ অভিযানে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করেছে বিজিবি।
বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৬ ও ৭ নভেম্বর মধ্যরাতে পত্নীতলা ব্যাটালিয়নের বস্তাবর এবং কালুপাড়া বিওপির সদস্যরা রুপনারায়নপুর, ঝারকুড়ি এবং মড়লই এলাকায় এই তিনটি অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ১২৪ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, দুটি মোটরসাইকেল, পাঁচটি মোবাইল ফোনসহ তিনজন চোরাকারবারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রুপনারায়নপুর গ্রামের মো. জিয়ারুল হক (৪০), খাঁপুর গ্রামের মো. রবিউল ইসলাম (৪২) এবং ননপুকুর গ্রামের মো. আমিনুল (৩৫)। তাদের বাড়ি নওগাঁ জেলার ধামইরহাট থানার বিভিন্ন গ্রামে।
বিজিবি জানায়, উদ্ধার করা মাদক ও মালামালের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ আট হাজার ছয়শ টাকা।আটককৃত আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করে ধামইরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক, গরু পাচার, অবৈধ পারাপার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।নওগাঁ সীমান্তে বিজিবির এমন ধারাবাহিক অভিযান সীমান্ত অঞ্চলের নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন ও সচেতন মহল

