সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : দুর্গা পূজায় সাতক্ষীরা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। সীমান্ত এলাকায় সম্ভাব্য পাসপোর্ট ও ভিসাবিহীন অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যে কোন অনাকাঙ্খিত ঘটনা রোধে টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। নিরাপত্তা জোরদার এবং প্রতিপক্ষের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে সীমান্ত সংক্রান্ত বিষয়াদি অবগত করা হচ্ছে।
পূজাস্থলে সর্বোচ্চ নিরাপত্তা এবং স্বস্তি ও আস্থার সাথে দূর্গা উৎসব পালন নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় ইতিমধ্যে দিন-রাত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এসব এলাকায় রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্ত এলাকায় ৪৭টি পূজামন্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সনাতন ধর্মাবলম্বীদের শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দূর্গা উৎসব উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকার ৪৭টি পূজা মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন।
এরই ধারবাহিকতায় মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় টহল তৎপরতা বৃদ্ধি, রেকিকরণ ও বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম গ্রহণ করা হয়। এছাড়াও প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সাথে পতাকা বৈঠকের আয়োজন করা হয়। উক্ত পতাকা বৈঠকে আসন্ন দূর্গা উৎসব উপলক্ষে সম্ভাব্য পাসপোর্ট ও ভিসা বিহীণ অবৈধ পারাপার, চোরাচালান এবং যে কোন অবৈধ তৎপরতা প্রতিরোধে অধিকতর সজাগ দৃষ্টি রাখার বিষয়ে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী একমত পোষণ করেন।
উল্লেখ্য, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্ত এলাকায় ১৫টি বিওপি/ক্যাম্প ও ০১টি বেইজ ক্যাম্পের মাধ্যমে সীমান্তবর্তী ৪৭টি পূজা মন্ডপে (পদ্মশাখরা এলাকায় ০২টি, ভোমরা এলাকায় ০১টি, গাজীপুর এলাকায় ০৬টি, ঘোনা এলাকায় ০৩টি, বাঁকাল এলাকায় ০৪টি, বৈকারী এলাকায় ০১টি, কুশখালী এলাকায় ০৩টি, তলুইগাছা এলাকায় ০২টি, কাকডাঙ্গা এলাকায় ০৪টি, ঝাউডাঙ্গা এলাকায় ১৫টি, মাদরা এলাকায় ০১টি হিজলদী এলাকায় ০২টি ও চান্দুরিয়া এলাকায় ০১টি) শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে।
পূজাস্থলে সর্বোচ্চ নিরাপত্তা এবং সনাতন ধর্মাবলম্বীসহ উৎসবপ্রিয় জনগনের স্বস্তি ও আস্থার সাথে দূর্গা উৎসব পালন নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিত পূজা মন্ডপসমূহে ইতিমধ্যে দিন-রাত টহল, রেকি এবং মোবাইল পেট্রোল কার্যক্রম পরিচালনা করছে।
এছাড়াও পূজা ইস্যুতে সীমান্তবর্তী এলাকায় সম্ভাব্য অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, নাশকতা ও দুষ্কৃতিকারীদের যেকোনো তৎপরতা রোধে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি সাতক্ষীরা। পাশাপাশি প্রতিটি পূজামন্ডপে দায়িত্বপ্রাপ্ত পূজা উদযাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে।
সীমান্তবর্তী এলাকায় জনসাধারণের সাথে প্রতিনিয়ত মতবিনিময় ও স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসারের সাথে সমন্বয়ের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সকল ধরনের পদক্ষেপ ও গোয়েন্দা নজরদারি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। এছাড়া যে কোন প্রয়োজনে তাৎক্ষণিক নিরাপত্তা সহযোগিতা প্রদান করার জন্য সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃক মনিটরিং সেল গঠন করা হয়েছে।
সীমান্ত এলাকায় বিভিন্ন পূজামন্ডপ ইতোমধ্যেই উৎসবমূখর পরিবেশে সাঁজানো হচ্ছে। এ বছরের শারদীয় দূর্গাপূজা সীমান্ত এলাকায় আনন্দময়, নিরাপদ ও সৌহার্দপূর্ণ উৎসবে পরিণত হবে বলে আশা করা হচ্ছে।

