ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, নবজাতকসহ আহত ৪
মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের ডাসারে সড়ক দুর্ঘটনার ইজিবাইকের যাত্রী এক বৃদ্ধা নারী নিহত হয়েছেন। মাইক্রোবাসের ধাক্কায় ইজিবাইকে থাকা নবজাতকসহ আরো ৪ জন যাত্রী আহত হয়েছে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা নাসিমা বেগম (৬২) উপজেলার পশ্চিম বোতলা গ্রামের ইজু মিয়া শেখের স্ত্রী।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানা গেছে, বৃদ্ধা নাসিমা বেগম ও এক নবজাতকসহ ৪ জন যাত্রী মিলে একটি ইজিবাইক যোগে কর্নপাড়া এলাকার উদ্দেশ্য যান। এসময় পেছন দিক থেকে আসা একটি মাইক্রোবাস এসে ইজিবাইকটিকে ধাক্কা দিয়ে ফেলে দিলে বৃদ্ধা নাসিমা বেগম গুরুতর আহত হন। পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায় । অন্যদিকে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

