দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ইয়াকুব খান শিশির মারা গেছেন
মাসুদ রেজা ফিরোজী মাদারীপুর জেলা প্রতিনিধি :মাদারীপুর থেকে প্রকাশিত দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ইয়াকুব খান শিশির বুধবার (২১ জানুয়ারি) ভোর রাতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬৫) বছর। বাদ যোহর মাদারীপুর পৌর ইদগা মাঠে তার প্রথম জানাজা সম্পূর্ণ হয়েছে। পরে তার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার নাগপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের লক্ষীদিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পূর্ণ করা হবে। তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে যান। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ, সাংস্কৃতিক অঙ্গন ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, ইয়াকুব খান শিশির ২০০২ সালে মাদারীপুরের দৈনিক সুবর্ণগ্রাম পত্রিকায় লেখালেখির মাধ্যমে সাংবাদিকতায় প্রবেশ করেন। কালকিনি উপজেলা প্রতিনিধি হিসেবে ২০০৩ সালে দৈনিক সংবাদ পত্রিকায় কাজ করেন এবং কালকিনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে তিনি মাদারীপুরে চলে আসেন এবং দৈনিক সমকাল, যায়যায়দিন পত্রিকা ,বাসস, বাংলাভিশন টেলিভিশনের মাদারীপুর জেলা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। এরপর থেকে তিনি দীর্ঘদিন দৈনিক মাদারীপুর সংবাদ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ইয়াকুব খান শিশির মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সাংবাদিকতা, শিক্ষকতার পাশাপাশি তিনি বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি একাধিক অনুগল্প, কবিতা ও বাংলা ব্যাকরণ বইয়ের লেখক ছিলেন। তার জানাজা নামাজে সাংবাদিক, শিক্ষক, রাজনীতিবিদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের লোকজন উপস্থিত ছিলেন।

