আল মামুন,চাঁদপুর প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন চাঁদপুরের কৃতিসন্তান ড.শামসুল আলম।টেকনোক্র্যাট কোটায় তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।রোববার সন্ধ্যায় বঙ্গভবনের গ্যালারি হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ পড়ান।
ড. শামসুল আলম ১৯৫১ সালে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন। পরের বছর একই বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে ২০১৫ পর্যন্ত শিক্ষকতায় নিযুক্ত ছিলেন। সেখানে কর্মরত অবস্থাতেই ১৯৮৩ সালে ব্যাংককের থাম্মাসাট বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৯১ সালে ইংল্যান্ডের নিউ ক্যাসেল আপন টাইন ইউনিভার্সিটি থেকে অর্থনীতি বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ড. শামসুল আলম ৩৫ বছরের অধ্যাপনা শেষে ২০০৯ সালের ১ জুলাই পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। সিনিয়র সচিব পদে দীর্ঘ এক যুগ চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুন তার সবশেষ চুক্তির মেয়াদ শেষ হয়েছে।অর্থনীতিতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অর্থনীতিতে একুশে পদক লাভ করেছেন।
প্রতিক্রিয়ায় ড.শামসুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর যে আস্থা রেখেছেন, তা রক্ষা করার জন্য আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো।

