মেয়েকে দেহ ব্যবসায় বাধ্য করায় মা-বাবাসহ গ্রেফতার ৩
পাবনায় মেয়েকে দেহ ব্যবসায় বাধ্য করায় মা, বাবা ও তাদের এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ১৪ বছর বয়সী ওই কিশোরীর নানি বাদী হয়ে পাবনার আটঘরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
পরে দুপুরে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীর বাবা, মা এবং দেহ ব্যবসায় সহযোগীতা করার অভিযোগে বেলাল হোসেন নামের আরো এক ব্যক্তিকে গ্রেফতার করে।
আটঘরিয়া থানার এসআই ফারুক হোসেন জানান, উপজেলার শ্রীকান্দপুর পুকুরপাড়া গ্রামের অভিযুক্ত বাবা-মা তাদের ১৪ বছরের মেয়েকে একই এলাকার ময়েন ইদ্দিনের ছেলে বেলাল হোসেনের (৫৫) যোগ সাজসে দেহ ব্যবসায় বাধ্য করেন। এক পর্যায়ে ১৪ বছরের ওই কিশোরী নিরুপায় হয়ে পালিয়ে থানায় জানায়। অভিযুক্তদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে ৯ (১)-৩০ ধারায় মামলা দায়ের হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফারুক হোসেন বলেন, মামলার এক নম্বর আসামি বেলাল হোসেন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।

