হেফাজতের সহিংসতা: নারায়ণগঞ্জে কাউন্সিলর গ্রেপ্তার
নারায়ণগঞ্জে হেফাজতের হরতালে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে কাউন্সিলর ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ বুধবার দুপুরে র্যাব-১১ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৭ মঙ্গলবার রাতে র্যাব-১১ একটি টিম নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে হেফাজত ইসলাম কর্তৃক ডাকা হরতালে মহাসড়কে নাশকতার অভিযোগে কাউন্সিলর ইকবাল হোসেনকে (৪২) গ্রেপ্তার করা হয়।
গ্রেফতার হওয়া আসামি ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ মিজমিজি বড়বাড়ী পশ্চিমপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা গেছে গত ২৮ শে মার্চ হেফাজত ইসলামের ডাকা সারা দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচী পালনকালে দুস্কৃতিকারীরা নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৬টি মামলা দায়ের করা হয়। গ্রেফতারকৃত আসামি ইকবাল হোসেন (৪২) উক্ত মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
নারায়ণগঞ্জ থেকে রাকিব উল রাকিব

