অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস আগামী সপ্তাহ থেকে
আগামী সপ্তাহ থেকে নিশ্চিত করা হবে অর্ধেক জনবল নিয়ে সরকারি অফিস। ডিউটি রোস্টার অনুযায়ী তিনদিন অফিসে ও দুদিন বাসায় থেকে কাজ করতে হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। এসময় তিনি বলেন, আক্রান্ত ও মৃত্যুর হার বাড়ায় আরো সতর্কতা বাড়ানো হচ্ছে।টানা তিনদিন পাঁচ হাজারের বেশি করোনা সংক্রমণের পর চলাচল সীমিত করার বিষয়ে সরকার আরো কঠোর হবে কি না? এমন এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, ১৮ দফার সিদ্ধান্ত আগামী দুই সপ্তাহ বলবৎ থাকবে। তবে পরিস্থিতি অনুযায়ী কঠোরতা আরো বাড়বে বলে জানান তিনি।
বইমেলা ৯ টা থেকে কমিয়ে সাড়ে ৬টা পর্যন্ত করা হয়েছে, অন্যদিকে পূর্ব নির্ধারিত আগামী ২ এপ্রিল মেডিকেল ভর্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কোনো নির্দেশনা থাকবে কি না এ প্রশ্নের উত্তরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত। তাছাড়া শিক্ষার্থীদের পড়ালেখায় প্রভাব পড়তে পারে এজন্য স্বাস্থ্যবিধি মেনে বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। আগে যেখানে ২০টি কেন্দ্রে পরীক্ষা নেয়া হত সেখানে এবার ৫৫টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেয়া হবে। যাতে স্বাস্থ্যবিধি মেনে সবাই পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারে। পরীক্ষার বিষয়ে আগেই প্রস্তুতি নেয়া হয়েছে। এক্ষেত্রে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে।
বাস এবং ট্রেনে হঠাৎ নির্দেশনা আসায় এবং একই সময়ে অফিসে লোকবল থাকায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়েছে। সরকারি অফিসের পাশাপাশি বেসরকারি অফিসে কোনো নির্দেশনা সরকারের আছে কিনা?
ফরহাদ হোসেন বলেন, বেসরকারি প্রতিষ্ঠানগুলো এর আগে করোনা পরিস্থিতির সময় সরকারকে সহযোগিতা করেছে। আর ডিজিটাল প্ল্যাটফর্মে অভ্যস্ত হওয়ায় বাসা থেকে অফিস করতেও খুব একটা অসুবিধা হবে না। আর নিজ নিজ প্রতিষ্ঠানের কর্মীদের স্বার্থে বেসরকরি প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণের জন্য সংক্রমণ রোধে সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত দুই সপ্তাহের জন্য এ নির্দেশনা জারি করা হয়।

