সূত্রাপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১
রাজধানীতে আবারো কিশোর গ্যাংয়ের বিরোধে প্রাণ গেলো অনন্ত নামে ১৪ বছরের এক কিশোরের। সোমবার শবে বরাতের রাতে পুরনো ঢাকার সুত্রাপুরের লালকুঠি এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প জানায়, সূত্রাপুরের মিল ব্যারাক এলাকার মুন্না, আকাশের অনুসারী জুনিয়র ফেরদৌস ও আলামিনের সঙ্গে অনন্ত, সাজু এবং সোহেলের ঝগড়া হয়। এ ঘটনার জেরে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। এসময় অনন্তর পেটে একাধিকবার ছুরিকাঘাত করা হয়।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুরিকাঘাতে সাজু নামে আরো এক কিশোর আহত হয়েছেন।
নিহত অনন্ত স্থানীয় জুবলী স্কুলের নবম শ্রেনীর ছাত্র ছিল বলে জানিয়েছে পরিবার। দুই ভাইয়ের মাঝে ছোট অনন্তের বাসা স্থানীয় মিল ব্যারাকের কাগজীটোলায়।

