মালয়েশিয়ায় ২০৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে ২০৪ বাংলাদেশিসহ ৩২৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এছাড়া ১০৩ জন ইন্দোনেশিয়া, ৯ জন মিয়ানমার ও ৪ জন ভারতের নাগরিক রয়েছে। শনিবার গভীর রাতে রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র জালান ইম্বির ৩টি কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
অভিযান সম্পর্কে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী দাতুক সেরি ডক্টর ইসমাইল মোহাম্মাদ বলেন, এ অভিযানে ইমিগ্রেশনের ১৮৫ কর্মকর্তা ও প্রতিরক্ষা বাহিনীর ৫ জন অংশ নেয়। আটককৃতদের বয়স ২৪ থেকে ৬৩ বছরের মধ্যে এবং তাদের সকলকেই কোভিড-১৯ পরীক্ষা করা হবে। এছাড়া পাশাপাশি তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হবে বলেও জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আটককৃত কর্মীরা যে পরিবেশে বা বাড়িতে থাকতো সেটা নিয়োগকর্তারা দিয়েছেন কিনা এজন্য তাদেরকে ডাকা হবে।
এভাবে বসবাস করা মালয়েশিয়ার করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের বেঁধে দেওয়া স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতির (এসওপি) মধ্যে পড়ে কিনা সেটাও তদন্ত করা হবে।

