চট্টগ্রাম সিটি ভোট নিয়ে ইসির বৈঠক কাল

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন নিয়ে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। এ দিন বেলা ১১টায় ইসির সভাকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে জাতীয় সংসদের শূন্য আসনগুলোর ভোট নিয়েও আলোচনা হবে।
২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ করেছিল ইসি। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনী আইন অনুযায়ী, ৫ আগস্টের পূর্ববর্তীকালের ১৮০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।
এ নিয়ে ইতোমধ্যে ইসি সচিব মো. আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন, আগামী মার্চে এই সিটির ভোটগ্রহণ করবে ইসি। এছাড়া চট্টগ্রাম সিটির সঙ্গে দু’টি উপ-নির্বাচন হতে পারে। এছাড়া তিনটি উপ-নির্বাচন আলাদাভাবে সম্পন্ন করার চিন্তা করছে ইসি।

