মোঃ মাহবুবুর রহমান সোহেল,কালিয়াকৈর,গাজীপুর,প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে মহানগরীর সদর থানাধীন ২৩ নং ওয়ার্ডের হাতিয়াব এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধে হাতিয়াব পুলিশ ক্যাম্প উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ও পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা)।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা শুধু পুলিশের একার দায়িত্ব নয়, জনগণের সহযোগিতাই পারে অপরাধ দমনকে টেকসই করতে।” তিনি এলাকাবাসীকে পুলিশকে সহযোগিতা করে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক নির্মূলে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন্স) জনাব মোহাম্মদ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনারবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে হাতিয়াব পুলিশ ক্যাম্পের কার্যক্রম শুরু হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং জননিরাপত্তা নিশ্চিত হবে।

