ফাহাদুল ইসলাম ,সোনারগাঁ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ ) আসনের সোনারগাঁ অংশের মোগরাপাড়া চৌরাস্তার যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে জাতীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ঈদকে সামনে রেখে জনগণের ভোগান্তি কমাতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ব্যবসা দুই দিনের মধ্যে সরিয়ে নিতে আল্টিমেটাম দিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সরেজমিন পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ঈদকে কেন্দ্র করে মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে ফুটপাত ও সড়কের পাশ দখল করে ব্যবসা পরিচালনা করলে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত বাস্তবায়নে সওজ ও উপজেলা প্রশাসন সমন্বিতভাবে কাজ করবে। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে নিয়মিত নজরদারি থাকবে।

