জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি: সারাদেশের মতো ভূমিকম্পে কেঁপে উঠলো যমুনাপারের জেলা সিরাজগঞ্জ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্প অনুভূত হওয়ার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে জেলার বিভিন্ন স্থানে। কয়েক সেকেন্ডের তীব্র কাঁপুনিতে অনেকেই ঘর-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ছুটে বের হয়ে আসেন। কেউ আবার ভয়ে ঘরের ভেতরই দোয়া-দরুদ পড়তে থাকেন।
জেলা শহরের ব্যবসায়ী কালাম বলেন, “আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানেই বসেছিলাম। হঠাৎ করেই ভবনের দেয়ালসহ মেঝে কাঁপতে থাকে। আমরা দ্রুত রুম থেকে বেরিয়ে আসি।”
ব্যাংক কর্মকর্তা রফিকের ভাষ্য, “ভবনটা এত জোরে কেঁপে উঠলো যে সবাই আতঙ্কিত হয়ে পড়লাম। আমার জীবনে এত বড় ভূমিকম্প দেখিনি।” মোক্তার, রিপনসহ বাজারের দোকানিরা জানান, প্রথমে তাঁরা ভেবেছিলেন রাস্তা দিয়ে ভারী কোনো গাড়ি যাচ্ছে। কিন্তু কম্পনের তীব্রতা বাড়তে থাকায় ভয় পেয়ে যান সবাই।
তাড়াশ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম জানান, সিরাজগঞ্জের তাড়াশসহ জেলা জুড়েই ভূমিকম্পটি বেশ তীব্রভাবে অনুভূত হয়েছে। সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে এই কম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার আগারগাঁও আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে, নরসিংদীর মাধবদী এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫. ৭ দশমিক ।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন পর এমন তীব্র কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

