মো: সবুজ হোসেন রাজা,শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গ্রেপ্তার হওয়া আসামি একজন শিশু (১৬)। এ নিয়ে মামলাটিতে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ছয় জনে।
গ্রেপ্তারকৃত শিশু আসামি সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্দি মহল্লার বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।
শহরের ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) ও মামলার তদন্তকারী কর্মকর্তা তাজ মিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার শিকারপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ। ওইদিন বিকেল পৌনে ৫টার দিকে শহরের চৌরাস্তা মোড়ের বাহিরগোলা সড়কে একটি সিএনজিতে বসে থাকার সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রিয়াদের বাবা রেজাউল করিম বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়।
এর আগে পুলিশ ও র্যাব-১২ এর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মামলার আরও পাঁচ আসামিকে গ্রেপ্তার করেন।
এ বিষয়ে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু জানান, প্রকাশ্যে দিবালোকে সংঘটিত এই হত্যাকাণ্ডটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মামলাটি বিশেষ তত্ত্বাবধানে রয়েছে এবং অবশিষ্ট আসামিদের আগামী দুই থেকে চার দিনের মধ্যে গ্রেপ্তার করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

