আশিকুর রহমান, নরসিংদী : সাবেক রাষ্ট্রপতি তার নিজ এলাকায় ১০ হাজার কোটি টাকা ব্যয়ে যে সড়ক নির্মাণ করেছেন, সেখানে কয়েকটি টেম্পু ছাড়া অন্য যানবাহন চলাচল করতে পারছে না। এই ধরনের অপচয় ও অনাচার বন্ধ করা আমাদের দায়িত্ব বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে নরসিংদীর পাঁচদোনা স্যার কে.জি. গুপ্ত উচ্চ বিদ্যালয় মাঠে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক এর সভাপতিত্বে পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বীরপ্রতীক নেভাল সিরাজকে ভিন্ন মতের জন্য হত্যা করা হয়েছিল। আমরা এই ভিন্ন মতকেই প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ বহু মত ও ধর্মের দেশ। কেউ ভিন্ন মতের জন্য হত্যা বা নির্যাতনের শিকার হবেন না। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে, যার যেই দল বা মত হোক, বিজয়ী হলে আমরা তার পাশে থাকব।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম (বীরপ্রতীক)।উপদেষ্টা ফারুক ই আজম বলেন, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বানোয়াট গল্প প্রচার করা হচ্ছে। ৩০ লক্ষ শহীদ এবং দুই লক্ষ বীরাঙ্গনার তথ্য কোথায়? রাষ্ট্রের ক্ষমতায় বসে জনগণের সঙ্গে প্রহসন করা অত্যন্ত জঘন্য।
আলোচনা সভা শেষে উপদেষ্টাগণ ও অন্যান্য অতিথিরা পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি বীরপ্রতীক সিরাজ উদ্দিন আহমেদ (নেভাল সিরাজ) সড়ক নামকরণের ফলক উন্মোচন করেন। এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।