শাহাদাত হোসেন,সন্দ্বীপ প্রতিনিধি: সারিকাইত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা–২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, সাউথ সন্দ্বীপ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ বি এম ফিরোজ খান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস এম আইয়ুব আলী ও বিশিষ্ট সমাজসেবক রফিকুল আলম, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন প্রমুখ। পরিদর্শকরা পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. শোয়াইব জানান, এ বছর সন্দ্বীপ উপজেলার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৭৩ জন, ৫টি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ৩৯ জন, ১টি জুনিয়র হাই স্কুলের ১১ জন, ৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ৩৯৭ জন এবং ৯টি ইবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।এ মেধা বৃত্তি পরীক্ষা স্থানীয় শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

