মো: সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে মাসকালাইয়ের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ কামরুজ্জামান।
কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ২০০ জন কৃষককে প্রণোদনা হিসেবে প্রত্যেককে ৫ কেজি মাসকালাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি (পটাশ) সার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন সভাপতিত্ব করেন এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলামের সঞ্চালনায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা ইয়াছমিন, বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণসহ স্থানীয় কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মামুন বলেন, সরকার কৃষকদের উৎপাদনমুখী করতে বিভিন্ন প্রণোদনা ও সহায়তা দিয়ে যাচ্ছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা বজায় রাখা এবং কৃষকদের উন্নয়নে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ কামরুজ্জামান বলেন, কৃষকের হাত শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। তাই বর্তমান সরকার কৃষকদের পাশে থেকে আধুনিক কৃষি প্রযুক্তি ও প্রণোদনা পৌঁছে দিচ্ছে।

