ইবি প্রতিনিধি : নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর শাপলা কলি প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে তিন সন্তানের জননীকে স্বামীকে বেঁধে রেখে ধর্ষণের অভিযোগের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বৈছাআ’র মুখপাত্র সাদীয়া মাহমুদ মীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী ঘটনাটির সঙ্গে জড়িত হিসেবে সাবেক বাংলাদেশ আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি জাতীয় দৈনিক দৈনিক ইত্তেফাক ও দৈনিক জনকণ্ঠ-এ প্রকাশিত হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বৈছাআ, ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ এক যৌথ বিবৃতিতে বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও যদি এ ধরনের ন্যক্কারজনক ও রাজনৈতিক প্রতিহিংসামূলক সহিংসতা সংঘটিত হয়, তবে তা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। ছাত্র-জনতা কোনোভাবেই এ ধরনের সন্ত্রাস, দমন-পীড়ন ও নারীর ওপর বর্বরতা বরদাস্ত করবে না।”
নেতৃদ্বয় আরও বলেন, “গণতান্ত্রিক রাষ্ট্রে ভোট প্রদান একটি নাগরিকের সাংবিধানিক অধিকার। কোনো নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার কারণে একজন নারীকে এভাবে নির্যাতনের ঘটনা মানবাধিকার ও আইনের শাসনের পরিপন্থী। নতুন সরকার গঠনের পর এই ঘটনার সুষ্ঠু বিচার ও চলমান সহিংসতার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের চেতনায় আমরা একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ চাই।”
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আসন্ন সরকার গঠনকে কেন্দ্র করে বিএনপির কিছু নেতাকর্মী দেশব্যাপী ভিন্নমতের ব্যক্তিদের ওপর হামলা, ভয়ভীতি ও দমনমূলক আচরণ চালাচ্ছে—এমন অভিযোগ বিভিন্ন স্থানে উঠছে। অভিযোগগুলো সত্য প্রমাণিত হলে তা গণতন্ত্রের জন্য অশনিসংকেত বলে উল্লেখ করা হয়। বাংলাদেশে স্বৈরাচারী মানসিকতা, রাজনৈতিক সন্ত্রাস বা নারীর ওপর নিপীড়নের কোনো স্থান নেই বলেও বিবৃতিতে জানানো হয়।
উল্লেখ্য, শুক্রবার রাতে হাতিয়া উপজেলার চাননন্দী ইউনিয়নে এনসিপির শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে এক গৃহবধূকে (৩২) নিজ ঘরে ধর্ষণ ও নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। শনিবার দুপুরে নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে এসে ভুক্তভোগী নারী এ অভিযোগ করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। তিনি স্থানীয় নলেরচর এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।
তবে এ বিষয়ে পুলিশ জানায়, হাতিয়ায় মারামারির ঘটনা ঘটেছে, তবে ধর্ষণের অভিযোগ সঠিক নয়। অভিযোগে যাঁর নাম এসেছে, তিনি ঘটনার প্রায় দুই ঘণ্টা আগে হাসপাতালে ভর্তি ছিলেন বলেও জানানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

