আব্দুল্লাহ আল মামুন, লক্ষীপুর (রায়পুর) প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার ৯নং ওয়ার্ডের এল এম স্কুল সংলগ্ন গোলাম রহমান সরদার বাড়ির এলাকা থেকে আরিফ (৪০) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা নিরাপত্তারক্ষা বাহিনী রায়পুর থানা পুলিশের একটি দল ।
সরজমিনে গিয়ে পারিবারিক সূত্রে জানা যায়, ১৯ অক্টোবর রাত আনুমানিক ১টার দিকে অজ্ঞাত একটি মোবাইল নাম্বার থেকেকল আসলে আরিফ ঘর থেকে বেরিয়ে যান। এরপর দীর্ঘ সময় পার হলেও আরিফ আর ঘরে ফিরে না আসায় উদ্বিগ্ন হয়েপড়েন তার স্ত্রী।
আরিফের স্ত্রী জানান, আমি শারীরিকভাবে অসুস্থ (প্রতিবন্ধী) হওয়ায় এত গভীর রাতে বাইরে গিয়ে খোঁজ নিতে পারিনি।আমি ঘুমিয়ে পড়েছিলাম , ভেবেছি সে রাতেই ফিরে আসবে কিন্তু সকাল হলেও সে আর বাড়ি ফিরে আসেনি, এর মধ্যে সকাল হতেই এলাকাবাসীর মাধ্যমে জানতে পারি, বাড়ির পাশেই সুপারি বাগানে আমার স্বামীর মরদেহ পড়ে আছে।
নিহত আরিফের স্ত্রী আরও অভিযোগ ও দাবি করে বলেন, আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমার বাড়ির পাশের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমাদের সাথে বিরোধ চলে আসছিল । সেই বিরোধের জের ধরেই আমার স্বামীকে পরিকল্পিত ভাবে ঘর থেকে ডেকে নিয়ে হত্যা করে ফেলে রাখা হয়েছে, আমি সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই ।
এলাকাবাসী মো: জীবন বলেন, আরিফ খুবই নিরিহ ও সহজ সরল প্রকৃতি মানুষ ছিলেন, কারো সাথে কখনো খারাপ ব্যবহার করতে দেখিনি, লোক মারফতে জানতে পারি তার মৃতদেহ বাগানে পড়ে আছে I
নিহত আরিফের বিষয়ে জানতে চাওয়া হলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে , বর্তমানে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।প্রাথমিকভাবে এটি হত্যা নাকি অন্য কিছু, তা তদন্ত শেষে জানানো হবে ।