ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরে ফোর্স মোতায়েনে পুলিশ সুপারের ব্রিফিং
সাদ্দাম হোসেন রোমান, জামালপুর বকশিগঞ্জ প্রতিনিধি : আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জামালপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। এ উপলক্ষে আজ এক ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি বলেন, প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত ফোর্স ও টহল জোরদার করা হয়েছে।
পাশাপাশি যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে কুইক রেসপন্স টিম। পুলিশ সুপার আরও জানান, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হচ্ছে।তিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান এবং আইনশৃঙ্খলা রক্ষায় সকলের সহযোগিতা কামনা করেন।

