ইবি প্রতিনিধি : অমর ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় কালো ব্যাজ ধারণ করে প্রশাসন ভবন চত্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশ্যে পদযাত্রা করেন সংগঠনের নেতাকর্মীরা। পরে শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তন্ময় ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক সোমা সরকার, প্রচার সম্পাদক সুবংকর রায়, সহ-সাংগঠনিক সম্পাদক মহিতোষ দাস, সহ-সাংস্কৃতিক সম্পাদক সৈকত সরকার ও যুক্তা জ্যোতি গোলদারসহ অন্যান্য সদস্যরা।পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ১৯৫২ সালের এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর তৎকালীন পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, শফিউর, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি দেয় UNESCO, যা ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে আসছে।

