পেট্রোল ঢেলে গৃহবধূর আত্মহত্যা, এলাকায় শোকের ছায়া
আরিফুল ইসলাম,নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার জৌদতবকী গ্রামে পারিবারিক কলহের জেরে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন অর্পিতা রানী সিঁথি (১৮) নামে এক গৃহবধূ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত সিঁথি একই গ্রামের জগাই কর্মকারের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে তাদের বিয়ে হয়। জগাই কর্মকার পেশায় একজন চা দোকানি। দাম্পত্য জীবনে তাদের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হতো বলে স্থানীয়রা জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে পারিবারিক কলহের একপর্যায়ে অভিমানে সিঁথি ঘরের ভেতর নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। আগুনের লেলিহান শিখা দেখে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর দগ্ধ অবস্থায় দ্রুত তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে লালপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় জনপ্রতিনিধি হাসান আলী ও প্রতিবেশীরা জানান, সিঁথি শান্ত স্বভাবের মেয়ে ছিলেন। এমন মর্মান্তিক ঘটনার পর পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোক ও হতবিহ্বলতা বিরাজ করছে। অনেকেই পারিবারিক কলহ নিরসনে সচেতনতা ও পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে জানা গেছে।

