আরাফাত হোসাইন,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ:বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন হলের খেলার মাঠ সংস্কার এবং ক্যাম্পাসে একটি আধুনিক মিনি ফুটবল টার্ফ নির্মাণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার (১২ আগস্ট) এ দাবিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টার কাছে লিখিত আবেদনও দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত খেলার মাঠ ও একটি স্টেডিয়াম থাকলেও দীর্ঘদিন সংস্কারের অভাবে মাঠগুলোর অনেকগুলোই বর্তমানে খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছে। বিভিন্ন মাঠে ছোট-বড় গর্ত, অসমান মাটি ও ইটের খোয়া ছড়িয়ে থাকায় খেলতে গিয়ে শিক্ষার্থীরা প্রায়ই আহত হচ্ছেন।
শিক্ষার্থীরা জানান, মাঠগুলোতে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা, নিয়মিত রোলিং ও রক্ষণাবেক্ষণের অভাব এবং মাঠসংলগ্ন বিভিন্ন নির্মাণকাজের কারণে মাঠের অবস্থা আরও খারাপ হচ্ছে। পাশাপাশি বিভিন্ন সময় গবাদিপশু মাঠে প্রবেশ করায় মাঠের বিভিন্ন অংশ উঁচু-নিচু ও গর্তযুক্ত হয়ে পড়ছে।
বাকৃবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও শিক্ষার্থীদের পক্ষে আবেদনকারী মো. মেজবাউল হক মিজু বলেন, বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো সংস্কারের পাশাপাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে একটি আধুনিক মিনি ফুটবল টার্ফ নির্মাণ করা প্রয়োজন। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী নিয়মিত ময়মনসিংহ শহরের বিভিন্ন টার্ফে অর্থ খরচ করে খেলতে যান। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যেও টার্ফে খেলার আগ্রহ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একটি টার্ফ নির্মাণ করা হলে তা সবার জন্য উপকারী হবে।
তিনি আরও বলেন, জিমনেশিয়ামের মাঠসংলগ্ন সুইমিং পুলের পাশের জায়গা অথবা স্টেডিয়ামের উপযুক্ত কোনো অংশে টার্ফ নির্মাণ করা যেতে পারে।
বাকৃবি ফুটবল দলের অধিনায়ক মো. আব্দুল মুয়ীদ বলেন, প্রতি বছর আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য দলের নিয়মিত অনুশীলন প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ মাঠ বছরের বড় একটি সময় খেলার অনুপযুক্ত থাকায় নিয়মিত অনুশীলন ব্যাহত হচ্ছে। তাই প্রতিদিন অনুশীলনের জন্য বিশ্ববিদ্যালয়ে অন্তত একটি টার্ফ নির্মাণ করা জরুরি।

