আব্দুল্লাহ আল মামুন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ২০২৫-২৬ অর্থবছরে জন্য ৬৪ কোটি ৩৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC)। তবে এই বাজেটকে শিক্ষার্থীদের প্রত্যাশার সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।বাজেট প্রত্যাখ্যানের পাশাপাশি বরাদ্দ বৃদ্ধির দাবিতে সংগঠনটি বুধবার (২ জুলাই) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এক সমাবেশের আয়োজন করে। সমাবেশ শেষে উপাচার্যের মাধ্যমে ইউজিসিতে স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক আব্দুর রহমান (আইন বিভাগ), ভূমিকা সরকার (অর্থনীতি বিভাগ), মৃত্যুঞ্জয় রায় (বাংলা বিভাগ), শওকত ওসমান স্বাক্ষর (আইন বিভাগ) ও অ্যাডিসন বৈদ্য (গণিত বিভাগ) সহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য প্রদানকালে সংগঠক ভূমিকা সরকার বলেন, “বিশ্ববিদ্যালয় হল জ্ঞানচর্চা ও মুক্তচিন্তার কেন্দ্র। অথচ বারবার বাজেটে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় আমরা শিক্ষা ও গবেষণায় পিছিয়ে পড়ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণায় বরাদ্দ মাত্র ২ শতাংশ, বরিশাল বিশ্ববিদ্যালয়েও তা ১.৫ শতাংশের নিচে। এই বরাদ্দ দিয়ে উচ্চশিক্ষা বা গবেষণার মানোন্নয়ন সম্ভব নয়।”
তিনি আরও বলেন,“বিশ্ববিদ্যালয়গুলো যদি গবেষণার পর্যাপ্ত সুযোগ দিতে না পারে, তাহলে একজন শিক্ষার্থী চাইলেও ভালো গবেষক হয়ে উঠতে পারবে না। অথচ এ বিশ্ববিদ্যালয় থেকেই আগামী দিনের মানবিক ও দক্ষ নেতৃত্ব বের হওয়ার কথা ছিল।”
এ সময় বক্তারা অভিযোগ করেন, বাজেটে শিক্ষা খাতকে মৌলিক অধিকার হিসেবে না দেখে একটি পণ্যে পরিণত করার নীতিই প্রতিফলিত হয়েছে। এতে শিক্ষার বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে।
তাঁরা আরো বলেন,“রাষ্ট্র যখন জনগণের শিক্ষার দায়িত্ব এড়িয়ে চলে, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর অবহেলার শিকার হয়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও সেই অবহেলা অব্যাহত রয়েছে, যা অত্যন্ত হতাশাজনক।এ সময় গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধির পাশাপাশি জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির জোর দাবি জানানো হয়।

