মোঃ সজল মন্ডল ,ফরিদপুর : বিচারব্যবস্থা হলো ন্যায়ের মন্দির,এই মন্দিরের পবিত্রতা রক্ষায় সততা ও নিষ্ঠার বিকল্প নেই এমন দৃঢ় বার্তা নিয়ে ফরিদপুরে আগমন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি মোঃ রেজাউল হাসান।
তাঁর আগমন উপলক্ষে ১৪ অক্টোবর দুপুরে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতি ভবনের নিচতলায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এডভোকেট খন্দকার লুৎফর রহমান পিলু, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মৃধা।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি রেজাউল হাসান বলেন-ন্যায়বিচার প্রতিষ্ঠায় সততা, নিষ্ঠা ও মানবিকতার কোনো বিকল্প নেই। আইনজীবী, বিচারক ও প্রশাসনের সমন্বিত দায়িত্ববোধই পারে জনগণের আস্থা অর্জন করতে।
তিনি আরও আহ্বান জানান,প্রত্যেক আইনজীবীকে এমনভাবে কাজ করতে হবে যেন ভুক্তভোগীরা প্রকৃত ন্যায়বিচার পান। বিচারপ্রার্থীই যেন আদালতের কেন্দ্রে থাকেন, সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা ও দায়রা জজ মোঃ জিয়া হায়দার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল ফারুক, জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সদস্যবৃন্দ, জজ কোর্টের কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক আইনজীবী।
সভায় সিনিয়র আইনজীবীগণ ফরিদপুর আদালতের অবকাঠামোগত উন্নয়ন, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং বিচারপ্রার্থীদের সুবিধা বাড়ানোর বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।
শেষে বিচারপতি রেজাউল হাসান ফরিদপুরের আইনজীবী সমাজের ঐক্য, পেশাগত শৃঙ্খলা ও মানবিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং সবাইকে পেশার মর্যাদা অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।সংবর্ধনা শেষে মাননীয় বিচারপতির সঙ্গে ফরিদপুর জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের স্মারকচিত্র তোলা হয়।

