নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিরোধের জন্য ৫০০ ভ্যাকসিন প্রদান করা হয়
মোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জে জলাতঙ্ক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে জেলা পরিষদ। এর অংশ হিসেবে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ৫০০ ডোজ ভ্যাকসিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মো: মামুন মাহমুদ আনুষ্ঠানিকভাবে এসব ভ্যাকসিন জেলার সিভিল সার্জন ডা: এ এফ এম মশিউর রহমানের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত কর্মকর্তারা জানান, জলাতঙ্ক একটি মারাত্মক সংক্রামক রোগ হওয়ায় এর প্রতিরোধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি। ভ্যাকসিন সরবরাহের মাধ্যমে জেলার সাধারণ মানুষ বিশেষ করে কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ে আক্রান্তদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
জেলা পরিষদের প্রশাসক বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সিভিল সার্জন ভ্যাকসিনগুলো যথাযথভাবে বিতরণ ও প্রয়োগের আশ্বাস দেন অনুষ্ঠানে জেলা পরিষদ ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

