মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী:নরসিংদী-৪ (বেলাবো–মনোহরদী) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরদার সাখাওয়াত হোসেন বকুল।
সোমবার রাতে রাজধানীর গুলশানস্থ বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করেন। এ সময় আনুষ্ঠানিকভাবে নরসিংদী-৪ আসনের প্রার্থী হিসেবে সরদার সাখাওয়াত হোসেন বকুলের নাম ঘোষণা করা হয়।
মনোনয়ন ঘোষণার পর সরদার সাখাওয়াত হোসেন বকুল ফেসবুক লাইভে এসে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “দলীয় নেতৃত্ব আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, আমি সেই আস্থার মর্যাদা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এসময় তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি তিনি বেলাবো ও মনোহরদীবাসীর প্রতি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের দোয়া ও সমর্থন পেলে আগামীর বাংলাদেশে গণতন্ত্র ও ন্যায়ের রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন।

