মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁয় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি, যান চলাচলে বাধা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার (১ জুন) রাতে জেলা সদরের শেখপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ মিডিয়া সেলে মাধ্যমে জানানো হয়, ১ জুন বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে নওগাঁ সদর বাইপাস সড়ক সংলগ্ন শেখপুরা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪০-৫০ জন সদস্য আকস্মিক মিছিল বের করে। এ সময় তারা সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও বিশৃঙ্খলা করার চেষ্টা চালায়। খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং গতরাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— শেখপুরা এলাকার মঞ্জু ফকিরের ছেলে মানিক ওরফে পাইলট (৩২), মোঃ হারুনের ছেলে মোঃ সাজু (৪০) এবং মোজাম্মেল হক মুজার ছেলে হাবিব হোসেন মুন্না (২৮)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত ও তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারণা চালিয়ে আসছিল এবং সাইবার স্পেস ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। ঘটনার সাথে জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
নওগাঁ জেলা পুলিশ জানান, সদর থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও সাইবার সুরক্ষা আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

