ডেপুটি স্পীকারের উদ্দ্যোগ – দুর্গাপুর পৌরসভাকে আনা হচ্ছে সিসি ক্যামেরার আওতায়
তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌরসভার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং জননিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ও নেত্রকোনা- ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের এমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন্ এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা গ্রহন করেছেন। এনিয়ে বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এক মতবিনিময় সভা করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনও আহমেদ সাদাত এর সভাপতিত্বে পৌরশহরের সিসিটিভি ক্যামেরা গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান, ওসি খন্দকার শাকের আহমেদ, পৌরনির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ্, বনিক সমিতির সভাপতি রনজিৎ সেন প্রমুখ। এছাড়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে যে কোনো অপরাধ মূলক কার্যক্রম দ্রুত শনাক্ত ও প্রতিরোধ করা সম্ভব হবে এবং
পৌরসভার বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ মোড়, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং পৌরশহরের প্রবেশ পথে এসব ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই পুরো ব্যবস্থাপনা পৌরকার্যালয়ের কন্ট্রোল রুম থেকে নিয়ন্ত্রণ করা হবে।
উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, মাননীয় ডেপুটি স্পীকারের এ পদক্ষেপে নাগরিক নিরাপত্তা আরও জোরদার এবং অপরাধ দমনে সহায়ক ভূমিকা রাখবে। বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা বসানো একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হলেও চোর সনাক্ত করা সহ বখাটেদের আনাগোনা কমে আসবে বলেও জানান তারা।
বাসস্ট্যান্ড সংলগ্ন ব্যবসায়ি মো. রফিক মিয়া বলেন, ‘সিসি ক্যামেরা বসানোর ফলে বাসস্ট্যান্ড এলাকা সহ পৌরশহরের অন্যান্য এলাকা গুলো নিরাপত্তার আওতায় চলে আসবে। এছাড়া পৌরশহরে প্রবেশদ্বার এবং বাস থেকে কোন যাত্রী নামলো বা উঠলো আমরা তা সহজেই জানতে পারবো।

