শাহাদাত হোসেন ,সন্দ্বীপ প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা-সন্দ্বীপ গুপ্তছড়া নৌরুটে ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে। উপজেলা প্রশাসনের কঠোর অবস্থানের মুখে বুধবার দুপুর থেকে এ নৌরুটে পুনরায় স্পিডবোট চলাচল শুরু হয়েছে।
জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) গত সোমবার কুমিরা-গুপ্তছড়া নৌরুটে জনপ্রতি ভাড়া ২৬০ টাকা নির্ধারণ করে। তবে নির্ধারিত এ ভাড়ায় স্পিডবোট পরিচালনা সম্ভব নয় দাবি করে মঙ্গলবার থেকে চলাচল বন্ধ রাখে স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স আর কে এন্টারপ্রাইজ ও আদিল এন্টারপ্রাইজ। এতে চরম ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।
উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সকাল ১১টায় সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন তার কার্যালয়ে জরুরি বৈঠকের আয়োজন করেন। বৈঠকে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু তাহের, সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, বিআইডব্লিউটিএ প্রতিনিধি, স্পিডবোট পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্পষ্টভাবে জানান, সরকার নির্ধারিত ২৬০ টাকা ভাড়ায় স্পিডবোট পরিচালনা করতে না পারলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে গুপ্তছড়া-কুমিরা নৌরুট থেকে তাদের স্পিডবোট প্রত্যাহার করতে হবে। প্রশাসনের এ কঠোর অবস্থানের পর ঘাট কর্তৃপক্ষ নির্ধারিত ভাড়ায় স্পিডবোট চালাতে সম্মত হয়।
পরে দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে গুপ্তছড়া ঘাট থেকে আনুষ্ঠানিকভাবে স্পিডবোট চলাচল পুনরায় চালু করেন।
এ সময় তিনি বলেন,
“সন্দ্বীপবাসীর যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি মেনে নেওয়া হবে না। সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগ নেই। যাত্রীসেবার স্বার্থে সবাইকে নিয়ম মেনে চলতে হবে।”
স্পিডবোট চলাচল পুনরায় শুরু হওয়ায় যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী ভাড়া নিয়ন্ত্রণে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

